টেলিযোগাযোগ কমিশন থেকে নির্বাচন কমিশনে

২৭ ফেব্রুয়ারি, ২০২২ ০৮:৩৯  
রোববার শপথ নিচ্ছেন কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন (ইসি)। বিকেল সাড়ে চারটায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি। নতুন এই কমিশনের চার সদস্যের মধ্যে রয়েছেন অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান। এদের মধ্যে একমাত্র সামরিক ব্যক্তি আহসান হাবিব সেনাবাহিনীতে থাকলেও তার পরিচয়ের সঙ্গে আষ্টে পৃষ্ঠে আছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। ২০১৩ সালের ২৬ ডিসেম্বর সেনাবাহিনী থেকে অবসরে যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব। এর পর ২০১৪ সালের ২৭ আগস্ট বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভাইস চেয়ারম্যান হিসেবে সরকার চুক্তিতে তিন বছরের জন্য নিয়োগ দেয় তাকে। সেসময় তিনি তৎকালীন বিটিআরসি চেয়ারম্যান সুনীল কান্তি বোস এবং বর্তমানে বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও একসময়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা ড. শাহজাহান মাহমুদ। এর আগেও প্রেষণে তিন বছরের জন্য বিটিআরসির স্পেকট্রামের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন আহসান হাবিব। এছাড়া বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত বিটিআরসিতে একটি প্রকল্পে এক বছরের জন্য মহাপরিচালকের দায়িত্ব পালন করেন সাবেক এই সেনা কর্মকর্তা। ডাক ও টেলিকমিউনিকেশন প্রতিমন্ত্রী তারানা হালিম প্রতিমন্ত্রী থাকা অবস্থায় দেশের মোবাইল ফোন ব্যবহারকারীদের সুবিধার্থে চালু হওয়া ভয়েস মেইল সার্ভিস (ভিএমএস) বাস্তবায়নে , ফোর-জি মোবাইল সেবার গাইড লাইন তৈরি, সিম নিবন্ধনের কাজ শুরুতে অনবদ্য ভূমিকা পালন করেন তিনি।